
বিশ্ববাজারে বড় ধরনের ধাক্কা খেল ভারতের আম রপ্তানি খাত। খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির কারণে জাপানের পর এবার নেপালও ভারত থেকে আম আমদানি বন্ধ ঘোষণা করেছে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সৌদি আরবও ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতির কারণে ভারতীয় আমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ফলে সব মিলিয়ে বিশ্বের চার দেশে ও অঞ্চলে এখন নিষিদ্ধ হলো জনপ্রিয় এই ফল।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন-এর প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল ও মে মাসে সীমান্তের বিভিন্ন কোয়ারেন্টাইন চেকপয়েন্টে পরীক্ষা-নিরীক্ষার সময় ভারত থেকে আমদানি করা আমের চালানে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের উপস্থিতি ধরা পড়ে। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভারতীয় আমের প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় নেপাল সরকার।
দেশটির সংশ্লিষ্ট বিভাগ স্পষ্ট জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং খাদ্যের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, এর আগে খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে জাপানও ভারতের আলফানসো, কেশর, ল্যাংড়া ও বঙ্গনপল্লীর মতো জনপ্রিয় আমের জাত আমদানিতে বিধিনিষেধ আরোপ করে।
গ্রীষ্ম মৌসুমে এই নিষেধাজ্ঞার কারণে আমদানিকারক দেশগুলোতে যেমন আমের তীব্র সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, তেমনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভারতীয় আম চাষি ও রপ্তানিকারকরা।