ওয়ানডে ম্যাচে দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করে সফরকারী নিউজিল্যান্ডকে দুইশোর নিচে আটকে দিলেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নাহিদ রানা।
সোমবার মিরপুরে হোম অব ক্রিকেটে দ্বিতীয় ওয়ানডেতে ১৯৮ রান করেছে কিউইরা। ১০২ বলে সর্বোচ্চ ৮৩ রান করেছেন কেলি। ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন নাহিদ।
এমনিতে মিরপুরের মন্থর উইকেটে রান করা কঠিন। উইকেটে দুই রকম বাউন্স থাকায় বল পড়াও ছিল মুশকিল। এমন বাইশ গজে নাহিদের বাড়তি গতিতে অনেকটেই টালমাটাল ব্ল্যাক ক্যাপসরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলার পরিকল্পনা জানিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু মিরপুরের উইকেটে মূলত বোলারদের জন্যই সহায়ক। দ্বিতীয় ওয়ানডেতে দেখা গেল আরও মন্থরতা, অসমান বাউন্স।

তাসকিন আহমেদের করা প্রথম বলটাই গেল হাঁটুর নিচে। তাতেই আভাস মিলল উইকেটের ধরনের। চ্যালেঞ্জিং উইকেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ওপেনাররা ঠিক কোণঠাসা অবনস্থায় পড়লেন। প্রথম চার ওভারে এলো মাত্র ৩ রান!
রানের গতি পরে খানিকটা বাড়লেও জুটি বড় হলো না। নাহিদ আসতেই এলবিডব্লিউর ফাঁদে পড়লেন হেনরি নিকোলস। তিনে নামা উইল ইয়ংকেও বিদায় করেন নাহিদ। তার লাফানো বলে ক্যাচ তুলে দেন প্যাভিলিয়নের পথ ধরেন কিউই ব্যাটার।
২৮ রান ২ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টেনে তোলার চেষ্টায় ছিলেন অধিনায়ক টম ল্যাথাম। তবে থিতু হতে পারেননি তিনি। একাদশে আসা সৌম্য সরকারের মিডিয়াম পেসে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৩৫ বলে ১৪ রানের মাথায়।
চতুর্থ উইকেটে মোহাম্মদ আব্বাসকে নিয়ে প্রতিরোধ গড়েন কেলি। ওই সময় রানের চাকাও কিছুটা সচল হয়। কেলি সাবলীল থাকলেও আব্বাস রান বাড়াতে ধুঁকছিলেন। তাদের ৫৫ রানের জুটি ভাঙেন নাহিদ। তার বাউন্সারে পুল করতে গিয়ে টাইমিংয়ের হেরফেরে উইকেট কিপার লিটন দাসের গ্লাভসবন্দী হন।
কেলি পরে ফক্সক্রফটকে নিয়ে যোগ করেন আরও ৩৭ রান। বাকিদের ভোগান্তির মাঝে কেলিকেই মনে হচ্ছে স্বচ্ছন্দ। সেঞ্চুরির আভাস দেয়া বাঁহাতি ব্যাটারের ধৈর্য্যচ্যুতি ঘটে শরিফুল ইসলামের বলে।
টেল এন্ডাররা আর বেশিদূর এগুতে পারেননি। ইনিংসের শুরুর মতো শেষেও এসে সফরকারীদের ইনিংসে হানা দেন নাহিদ। ন্যাথান স্মিথ চেষ্টা চালালেও দুইশো ছুঁতে পারেনি কিউইরা।