চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি ও নাতনিসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার ভিকু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ভাতিজি আশা খাতুন (৩৫) এবং হাসিনা বেগমের নাতনি শাহরিয়ার মিম (১২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাসিনা বেগম লোহার মইয়ে ছাগলের জন্য পাতা বাঁধতে যান। মইটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। মইয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাসিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে আশা খাতুন ও মিম এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
সদর থানার এসআই আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন তিনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।