চলতি বছরেই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার ছাড়াবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অর্থনীতির এই ইতিবাচক অগ্রগতির কথা জানান। গভর্নর আশাবাদ ব্যক্ত করেন যে, চলতি মাসেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়ে যাবে এবং বছর শেষে তা আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।
বিগত সময়ে ব্যাংকিং ও আর্থিক খাতে হওয়া ব্যাপক অনিয়মের কথা উল্লেখ করে ড. মনসুর বলেন, “পুরানো ক্ষত কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রম শুরু করেছে, পরবর্তী নির্বাচিত সরকার তা আরও এগিয়ে নেবে বলে আমি প্রত্যাশা করি।” তিনি স্বীকার করেন যে অর্থনীতির ভঙ্গুরতা এখনো পুরোপুরি কাটেনি, তবে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা এখনই ছোঁয়া সম্ভব না হলেও এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। পাশাপাশি দেশে বিনিয়োগ বাড়াতে নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
একই দিনে দেশের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সক্ষম করে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ গড়তে চায় না। বরং ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। অর্থমন্ত্রী আরও জানান, সরকারের মূল লক্ষ্য হলো অর্থনীতির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং একটি বৈষম্যহীন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা।

















