চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কর্মকর্তার নাম নরেন ধর (৩৮)। তিনি ওই দূতাবাসে প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে এই মরদেহটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নরেন ধরের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সিএমপির সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, “সকালে দূতাবাস থেকে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। মেডিকেল প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।”