ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার (জ্যেষ্ঠ কৌশলগত পরামর্শক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি নিয়েই তিনি এই নতুন দায়িত্বে যুক্ত হয়েছেন বলে গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অধ্যাপক নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন। প্রায় ১৮ মাস সফলভাবে দায়িত্ব পালনের পর চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন। এবার তিনি যুক্ত হলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দর্শননির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ) দর্শনের ওপর ভিত্তি করে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রম সাজানো হয়েছে। ইতিমধ্যে পাঁচটি স্কুলের অধীনে ১৪টি অগ্রাধিকারমূলক প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন শীর্ষ পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয় এবং এপ্রিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে একাডেমিক কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন লাভ করে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ একটি ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার অঙ্গীকার করেছেন এবং প্রতিষ্ঠানটি থেকে কোনো ধরনের বেতন, পারিশ্রমিক বা বোর্ড সভার জন্য ‘সিটিং অ্যালাউন্স’ গ্রহণ করবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।