চলতি বিশ্বকাপে এখনো গ্রুপ পর্বের সব দলের দুটি করে ম্যাচ শেষ হয়নি, অথচ এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মাঝে গোল্ডেন বুটের লড়াই নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনার মূল কারণ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন লিওনেল মেসি ও রানার্সআপ কিলিয়ান এমবাপ্পের গোলবন্যা।
মেসি ইতিমধ্যে দুই ম্যাচে ৫ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন, অন্যদিকে ফরাসি তারকা এমবাপ্পেও ৪ গোল করে তাঁর ঠিক পেছনেই অবস্থান করছেন। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে গোল্ডেন বুটের লড়াইটা বেশ জমজমাট রূপ নিয়েছে। তবে ইরাকের বিপক্ষে ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে এমবাপ্পে স্পষ্ট জানিয়েছেন, গোল্ডেন বুট জেতা নিয়ে এখনই কোনো ব্যক্তিগত লড়াইয়ে নামছেন না তিনি।
সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্য ও দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন কাতারের গোল্ডেন বুট জয়ী এই ফরাসি স্ট্রাইকার। এমবাপ্পে বলেন, ‘গোল্ডেন বুট নিয়ে এই মুহূর্তে আমি কিছুই ভাবছি না। এখন দলের পরিবেশ ও ঐক্য বজায় রাখার সময়। কঠিন মুহূর্তে আমরা যেন নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখতে পারি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব বিশ্বকাপেই আমি গোল পাচ্ছি, তবে ব্যক্তিগত ট্রফি নিয়ে আমি মোটেও চিন্তিত নই।’
রাশিয়ার আসরে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতা এমবাপ্পে আরও যোগ করেন, ‘আমাদের মূল লক্ষ্য দলগত শক্তি অনুযায়ী খেলা। বিশ্বকাপ যত সামনের দিকে এগোবে, ম্যাচগুলো তত কঠিন হবে। এটি অত্যন্ত কঠিন একটি টুর্নামেন্ট, যেখানে সবাইকে হারিয়েই শিরোপা জিততে হবে। তাই দলগত পারফরম্যান্সই শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখবে।’
পরিসংখ্যান বলছে, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে লিওনেল মেসি বিশ্বকাপে নিজের সর্বাধিক ১৮তম গোলের রেকর্ড গড়েছেন। অন্যদিকে এমবাপ্পেও যৌথভাবে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি গোলের মালিক। মেসির এমন অতিমানবীয় ফর্মের পরও আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে কোনো প্রতিযোগিতায় জড়াতে নারাজ এমবাপ্পে।
তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, লিও সবসময়ই গোল করে। সে গোল করছে এবং সামনেও করবে। আমি যদি কেবল লিওর দিকেই তাকিয়ে থাকি, তবে আমাকে আরও অনেক বেশি কিছু করতে হবে। সুতরাং, ওসব ব্যক্তিগত হিসাব-নিকাশ না দেখে আমি শুধু দলকে জেতাতে সাহায্য করতে চাই। কারণ আমি দলের একটা অংশ মাত্র।’