জামায়াত-শিবিরের বিরুদ্ধে আবারও সশস্ত্র রাজনীতির অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, জামায়াত একাত্তরের মতো আবারও গুপ্ত হত্যা শুরু করেছে। তারা মুখে ন্যায়বিচারের কথা বললেও বাস্তবে হত্যার রাজনীতিই করছে।
গত সোমবার (২৭ এপ্রিল) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জনকল্যাণ নামক স্থানে এক হামলার ঘটনা ঘটে। সেখানে যুবদলকর্মী সাইফুল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হন এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম আলাউদ্দিনকে কুপিয়ে জখম করা হয়। শাকিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আলাউদ্দিন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার জন্য স্থানীয় বিএনপি কর্মীরা জামায়াত-শিবিরকে দায়ী করেছেন।
বুধবার হাসপাতালে আহত শাকিলকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলু বলেন, “এই হামলা জামায়াতের পুরনো আদলে হয়েছে। শিবিরের চিহ্নিত অস্ত্রধারীদের বিরুদ্ধে অবিলম্বে চিরুনি অভিযান চালাতে হবে।” তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে বিএনপির পক্ষ থেকে এই হামলার জন্য জামায়াত-শিবিরকে সরাসরি অভিযুক্ত করা হলেও দলটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। জামায়াতের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।
নোয়াখালীর বেগমগঞ্জে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।