ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন তৈরি পোশাক শ্রমিকেরা। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে একটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটলেও দ্রুতই তা স্বাভাবিক হয়ে আসে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে গাজীপুরে পুলিশের পাশাপাশি বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সকাল থেকে অধিকাংশ কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও অসন্তোষ ও নিরাপত্তাজনিত কারণে শ্রীপুরসহ গাজীপুরের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে গতকাল বুধবারও বিক্ষোভের মুখে জেলার অন্তত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ও ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তৈরি পোশাক শ্রমিকেরা দীর্ঘদিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন। তবে সম্প্রতি মজুরি বোর্ড ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিলে তা প্রত্যাখ্যান করে গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভে নামেন শ্রমিকেরা।