আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা করে দাম বাড়ানো হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই নতুন মূল্য তালিকা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এ বছর ঢাকা মহানগরের ভেতরে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে, ঢাকার বাইরে গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, কোরবানির চামড়া যেন যথাযথভাবে সংরক্ষিত হয় এবং নষ্ট না হয়, সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি শেখাতে ইতোমধ্যে মাংস ব্যবসায়ী ও মাদ্রাসা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ ও লবণ সরবরাহ নিশ্চিতে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে বলে তিনি উল্লেখ করেন।
দেশের চামড়া শিল্প রক্ষা এবং অবৈধ পাচার রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশীয় চামড়া শিল্পকে এগিয়ে নিতে একটি সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে মন্ত্রী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন যেন চামড়া সংগ্রহ ও সংরক্ষণে কোনো ধরনের অব্যবস্থাপনা তৈরি না হয়।