গভর্নরকে ‘স্বৈরাচার’ বলায় বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ হিসেবে আখ্যায়িত করায় কেন্দ্রীয় ব্যাংকের তিন উর্ধ্বতন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দফতরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
শোকজপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তাদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে বিধি মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
শোকজ পাওয়া কর্মকর্তারা হলেন—বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক ও নীল দলের সাধারণ সম্পাদক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তারা এক্সিম ও সোস্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার উদ্যোগ এবং ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াসহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। ওই বক্তব্য চলাকালীন তারা গভর্নরকে সরাসরি ‘স্বৈরাচার’ বলে সম্বোধন করেন, যা ব্যাংকের প্রশাসনিক শৃঙ্খলা ও পেশাদারিত্বের পরিপন্থী হিসেবে গণ্য করেছে কর্তৃপক্ষ।

















