স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘এটা আমরা আগেও বলেছি। এর মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে।’
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন এলজিআরডি মন্ত্রী।
এসময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘১৭ তারিখ আমরা শপথ নিয়েছি। এখন তো অনেক ভালো।’
মির্জা ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন, সেই সমর্থনের কারণেই আমি আজ কাজ করার সুযোগ পেয়েছি।‘
এর আগে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে পৌঁছালে স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।