টি-টেয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে নিজেদের শেষ ম্যাচ খেলেছে রোববার। এরপর তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ভারতেই আটকা পড়তে হয়েছে তাদের। ইরানে যুক্তরাষ্ট্র- ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যসহ পশ্চিম এশিয়ার বড় অংশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতে পারছেনা তারা।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পরিস্থিতির উন্নতি অথবা বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ভারতেই অবস্থান করবে সিকান্দার রাজারা। আগেই সুপার এইট থেকে বিদায় হওয়া জিম্বাবুয়ের দলের সোমবার ভারত ছেড়ে যাওয়ার কথা ছিল।
ক্রিকইনফো বলেছে, দলের সদস্যরা ধাপে ধাপে দেশে ফেরার কথা, যার মধ্যে একটি অংশ সোমবার ভোর সাড়ে চারটায় এবং অন্যরা দিনের পরবর্তী সময়ে রওনা হওয়ার কথা ছিল।
জিম্বাবুয়ে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের জন্য এমিরেটসের ফ্লাইটে বুকিং করা ছিল। এই ফ্লাইটে দিল্লি থেকে দুবাই হয়ে হারারেতে পৌঁছানোর কথা। তবে বর্তমান পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় অন্য এয়ারলাইনস ও রুটের কথা বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। তবে জিম্বাবুয়ে দল ৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলেই অবস্থান করবে।
রোববার সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে জিম্বাবুয়ে দলের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে কি না, এমন প্রশ্নে কোচ জাস্টিন সিমনস বলেন, ‘না, আমি এমন কিছু শুনিনি। খেলা শুরু হওয়ার সময়ও কিছু ছিল না। এরপর খেলায় মনোযোগী ছিলাম, আর কিছু শুনিনি।’