নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আশিয়ল গ্রামে খালের মুখ বন্ধ করে মাছের ঘের (ফিশারি) নির্মাণের অভিযোগ উঠেছে শাহজাহান মোড়ল নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এর ফলে খালের পানি কাটাখালী নদীতে যেতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যাতে নিচু বিল এলাকার অন্তত ২০ একর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, আশিয়ল গ্রামের পূর্বপাড়ার এই খালটি দিয়ে বিলের অতিরিক্ত পানি নদীতে নেমে যেত। কিন্তু সম্প্রতি শাহজাহান মোড়ল খালের মুখ বন্ধ করে ঘের নির্মাণ করায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে যায়। ফলে পাকা ধান পচে নষ্ট হচ্ছে। জমিতে কোমরপানি থাকায় হারভেস্টার মেশিন নামানো যাচ্ছে না এবং তীব্র শ্রমিক সংকটে হাতে ধান কাটাও অসম্ভব হয়ে পড়েছে। এতে কয়েক হাজার মণ ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।
ভুক্তভোগী কৃষক ইলিয়াস মিয়া ও মাজহারুল ইসলাম জানান, ১৫০০ টাকা রোজেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে স্কুলপড়ুয়া সন্তান নিয়ে কোমরপানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন তারা। অভিযুক্ত শাহজাহান মোড়ল খালের কিছু অংশ তার ফিশারির মধ্যে পড়ার কথা স্বীকার করলেও দাবি করেন যে, জায়গাটি তার নিজস্ব।
বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, খাল দখলের বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের সহায়তা প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জিনিয়া জামান বলেন, “খোঁজখবর নিয়ে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও বিষয়টি দেখতে বলা হবে।”