খামেনির মৃত্যুতে জামায়াত আমীরের শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ রোববার (১ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি এই শোক ও সমবেদনা জানান।
শোকবার্তার শুরুতে ডা. শফিকুর রহমান লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তিনি ইরানের শোকসন্তপ্ত জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, “মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”
শোক প্রকাশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমীর। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। তিনি সতর্ক করে বলেন, “এ পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।” সামনে পবিত্র রমজান মাস উল্লেখ করে তিনি জানান, এই সময়ে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ সৃষ্টি করবে এবং বিশ্ব শান্তিকে আরও বিপন্ন করবে।
ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন যে, যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানের পথেই সবার এগিয়ে আসা উচিত।
পরিশেষে তিনি আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নেওয়ার জন্য তিনি জোরালো দাবি জানান।

















