‘খবরদারির রাজনীতি মানুষ চায় না, লক্ষ্য এখন উন্নয়ন ও অধিকার’

মাদারীপুরের মোস্তফাপুরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দেশের মানুষ এখন আমূল পরিবর্তন চায়। তিনি স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষের ওপর খবরদারির রাজনীতি আর কেউ পছন্দ করে না। মানুষ গণপ্রতিরোধের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। তাই নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজেদের স্বভাব-চরিত্র ও আচরণের পরিবর্তন না করলে স্থানীয় নির্বাচনেও দেশের সাধারণ জনগণ ভোটের মাধ্যমেই তার যথাযথ জবাব দেবে।
গণঅধিকার পরিষদের এই সভাপতি আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সরকারের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম ও উন্নয়নমূলক কাজগুলো প্রশাসনের সহযোগিতায় সুচারুভাবে বাস্তবায়ন করা হবে। বৈষম্যহীন সমাজ গঠনে সবাই যাতে সমান সুযোগ লাভ করে, সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
পটুয়াখালী-৩ আসনের এই সংসদ সদস্য সরকারের কৃষি ভাবনার কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় পরিত্যক্ত খাল খননের জন্য তালিকা চেয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সেচ সুবিধা নিশ্চিত করে ফসলের উৎপাদন বাড়ানো হবে। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য বিশেষ সুবিধার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। পথসভাটিতে স্থানীয় দলীয় নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সংহতি প্রকাশ করেন।

















