ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে মার্কিন মেরিন কোরের একটি অত্যাধুনিক এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রানওয়েতে নামার ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে।
বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায় এবং এর ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে।
বিমানটি মাটিতে আছড়ে পড়ার মাত্র কয়েক সেকেন্ড আগে পাইলট সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন। উদ্ধারকারী দল দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং স্থিতিশীল অবস্থায় আছেন।
মার্কিন সামরিক বাহিনী এই দুর্ঘটনাটিকে 'ক্লাস এ মিসহ্যাপ' হিসেবে তালিকাভুক্ত করেছে। সামরিক নিয়ম অনুযায়ী, ২ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি বা বিমান সম্পূর্ণ ধ্বংস হলে এই ক্যাটাগরি ব্যবহার করা হয়।
লকহিড মার্টিন কোম্পানির তৈরি প্রতিটি এফ-৩৫বি স্টেলথ ফাইটার জেটের মূল্য প্রায় ১০৯ মিলিয়ন মার্কিন ডলার। এই সংস্করণের যুদ্ধবিমানগুলো মূলত নৌবাহিনী ও মেরিন কোর ব্যবহার করে থাকে। বিমানটির বিশেষ ইঞ্জিন প্রযুক্তির কারণে এটি অত্যন্ত সংক্ষিপ্ত রানওয়ে থেকে উড্ডয়ন এবং হেলিকপ্টারের মতো সরাসরি খাড়াভাবে অবতরণ করতে সক্ষম।
দুর্ঘটনার পর মিরামার বিমান ঘাঁটির অগ্নিনির্বাপক দল এবং সান ডিয়েগো ফায়ার সার্ভিসের কর্মীরা কেমিক্যাল ফোম ব্যবহার করে বিমানের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এর ফলে আশেপাশে ছড়িয়ে পড়া একটি ছোট ঘাসের আগুনও নিভিয়ে ফেলা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য মেরিন কোরের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।