গাইবান্ধায় সহজ শর্তে ঋণের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি লাপাত্তা হয়েছে ‘তিশা ফাউন্ডেশন’ নামে একটি কথিত এনজিও। ১০ হাজার টাকা সঞ্চয়ে ১ লাখ এবং ১ লাখ টাকায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার লোভ দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে এই বিপুল অর্থ সংগ্রহ করে সংস্থাটির কর্মকর্তারা।
ভুক্তভোগীরা জানান, গাইবান্ধা সদর উপজেলার প্রায় ২০টি ব্যবসায় প্রতিষ্ঠানসহ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী এই প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। জেলা শহরের সুখশান্তির বাজারে একটি ভাড়া বাসায় অফিস খুলে চার-পাঁচজন কর্মকর্তা নিয়মিত কার্যক্রম পরিচালনা করতেন। নির্ধারিত সময়ে ঋণ নিতে এসে গ্রাহকেরা দেখেন অফিসের মূল গেটে তালা ঝুলছে এবং কর্মকর্তারা সবাই লাপাত্তা।
শহরের সবুজপাড়ার ভুক্তভোগী ব্যবসায়ী রতন মিয়া জানান, ব্রাঞ্চ ম্যানেজার জসিম মিয়াসহ অন্যরা তাকে ১ লাখ টাকা ঋণের প্রতিশ্রুতি দিয়ে ৯২ হাজার টাকা সঞ্চয় হিসেবে সংগ্রহ করেন। একইভাবে শাহজালাল নামে এক গ্রাহকের কাছ থেকে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সঞ্চয়ের টাকা ফেরত না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
বাসার মালিক নিয়ন রহমান জানান, এপ্রিলের মাঝামাঝি সময়ে তারা অফিস ভাড়া নেয়। ১ মে চুক্তিপত্র হওয়ার কথা থাকলেও তার আগেই তারা পালিয়ে যায়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।