কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলোচিত পীর শ্রী শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান (৬০) হত্যা মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় র্যাব-৫ ও র্যাব-১২-এর এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজীব মিস্ত্রি দৌলতপুর উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর দারোগার মোড় এলাকার বাসিন্দা।
কুষ্টিয়া র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজীব মিস্ত্রি রাজশাহীর গোদাগাড়ী থানা রোডের একটি সেলুনের সামনে অবস্থান করছেন। পরে যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল দুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে কয়েক শতাধিক বিক্ষুব্ধ জনতা দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে পীর শামীম জাহাঙ্গীরের দরবারে হামলা চালায়। হামলাকারীরা তাঁকে কক্ষ থেকে টেনে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ সময় দরবারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে।
পীর হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজীব মিস্ত্রির আগে পুলিশ এই মামলায় দশম শ্রেণির স্কুলছাত্র আলমগীর হোসেন (১৬), বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলামকে (২৩) গ্রেফতার করে। গ্রেফতারকৃত স্কুলছাত্রকে কিশোর সংশোধনাগারে এবং বাকিদের কারাগারে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, র্যাবের হাতে গ্রেফতার রাজীব মিস্ত্রিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।