কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, এমপি আমির হামজা প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করতে মঞ্চে উঠলে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল যুবক ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। তিনি মাঠের ভেতরে প্রবেশ করলেও বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরে স্লোগান দেন এবং মাঠের মধ্যেই বসে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ তাকে নিজ কার্যালয়ে নিয়ে যান। আন্দোলনকারীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এদিকে আমির হামজার ফেসবুক পেজের অ্যাডমিন প্যানেল এক পোস্টে দাবি করেছে, ‘পরিদর্শনকালে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা।’ তবে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে আমির হামজা ও কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মো. এনামুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে যায়। তবে আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, “আমি গিয়ে তাকে অধ্যক্ষের সাথে আলাপ করতে দেখেছি। পরে তিনি পুলিশের উপস্থিতিতেই ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।”