লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত দফার ভোটে নাটকীয় ও সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন কট্টর ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। কোনো পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা ৪৭ বছর বয়সী এই ধনকুবের আইনজীবী ও ব্যবসায়ী, বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বামপন্থী সিনেটর ইভান সেপেদাকে পরাজিত করেছেন।
প্রাথমিক গণনায় দেখা গেছে, কলম্বিয়ার ইতিহাসের সবচেয়ে কম ব্যবধানের এই নির্বাচনে এসপ্রিয়েলা ৪৯.৬৬ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেপেদা পেয়েছেন ৪৮.৭০ শতাংশ ভোট। মাত্র ১ শতাংশেরও কম ভোটের এই ব্যবধান কলম্বিয়ার চরম রাজনৈতিক মেরুকরণকে স্পষ্ট করে তুলেছে।
‘দ্য টাইগার’ এবং ট্রাম্পের আশীর্বাদ
নিজের আক্রমণাত্মক প্রচারণাশৈলী এবং 'দ্য টাইগার' ডাকনামের জন্য পরিচিত আবেলার্দো দে লা এসপ্রিয়েলাকে এই নির্বাচনে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং খোদ প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করে এসপ্রিয়েলাকে অভিনন্দন জানান। ওয়াশিংটনের সাথে সম্পর্ক জোরদার করা এবং মাদক পাচার ও অবৈধ অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট। পাশাপাশি আর্জেন্টিনার ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-সহ লাতিন আমেরিকার অন্যান্য রক্ষণশীল নেতারাও এই জয়কে স্বাগত জানিয়েছেন।
নির্বাচনী প্রতিশ্রুতি ও রাজনৈতিক পটপরিবর্তন
গত চার বছর ধরে চলা বামপন্থী গুস্তাভো পেত্রোর সরকারের শাসনের অবসান ঘটিয়ে কলম্বিয়া আবার দীর্ঘদিনের চেনা ডানপন্থী ধারায় ফিরে এলো। নির্বাচনী প্রচারণার সময় এসপ্রিয়েলা এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে-র আদলে দেশে অপরাধ দমনে 'লোহার হাত' নীতি এবং মেগা-কারাগার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বামপন্থী সরকারের চলমান নীতি- যেমন সশস্ত্র গেরিলা গোষ্ঠী ও মাদক কারবারিদের সাথে শান্তি আলোচনা করা- সম্পূর্ণ বন্ধ করে সামরিক অভিযানের মাধ্যমে অপরাধ দমনের ঘোষণা দিয়েছেন। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি কর হ্রাস এবং মুক্তবাজার অর্থনীতি চালুর অঙ্গীকার করেছেন।
ফলাফল নিয়ে ধোঁয়াশা ও উত্তেজনা
প্রাথমিক ফলাফলে এসপ্রিয়েলা নিজেকে বিজয়ী ঘোষণা করে "সকল কলম্বিয়ানের জন্য কাজ করার" কথা বললেও, পরাজিত বামপন্থী প্রার্থী ইভান সেপেদা এখনই পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রায় ৩৩ হাজার ভোটকেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে তার দল। বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, আনুষ্ঠানিক চূড়ান্ত স্ক্রুটিনি শেষ না হওয়া পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী বলা যাবে না।
এদিকে এই ফলাফলকে কেন্দ্র করে কলম্বিয়ার রাজধানী বোগোতা এবং অন্যতম প্রধান শহর কালিতে পেত্রো ও সেপেদার সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েছেন। কালিতে বিক্ষোভকারীরা মার্কিন পতাকা পুড়িয়ে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। উদ্ভূত পরিস্থিতিতে এসপ্রিয়েলা তার সমর্থকদের উদ্দেশ্যে শান্ত থাকার এবং বিরোধীদের নির্বাচনী ফলাফলকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ৭ আগস্ট কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। তবে দেশের অর্ধেক মানুষের সমর্থন হারানো এবং একটি বিভক্ত কংগ্রেসের মুখোমুখি দাঁড়িয়ে নিজের কট্টর এজেন্ডাগুলো তিনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়।