
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে, অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: লামার ফাঁসিয়াখালী এলাকার মাদ্রাসাছাত্র সাইফুল ইসলাম (২৬) এবং খুটাখালীর নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন (৪৩)। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।