বেসরকারি মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন করে সহকারী মৌলভি (কারি) এবং ইবতেদায়ি কারি পদে নিয়োগের ক্ষেত্রে দাওরায়ে হাদিসের সনদকে যুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এর ফলে কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) উত্তীর্ণ আলেমদের জন্য সরকারি নিয়োগ ও এমপিওভুক্তির বড় সুযোগ তৈরি হলো।
সোমবার (২৩ জুন) মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া স্বাক্ষরিত এক পরিপত্রে এই নতুন যোগ্যতার কথা জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, এখন থেকে সহকারী মৌলভি (ক্বারি) ও ইবতেদায়ি ক্বারি পদে নিয়োগের জন্য ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে দাওরায়ে হাদিস (তাকমিল) সনদধারীরাও আবেদন করতে পারবেন। তবে এই আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কওমি মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত বা হিফজুল কোরআন সনদ থাকা আবশ্যক করা হয়েছে।
নিয়োগের অন্যান্য শর্তাবলী ও বয়সসীমা
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে সমপদের ইনডেক্সধারীদের (ইতিমধ্যে এমপিওভুক্ত কর্মরত) ক্ষেত্রে এই বয়সসীমা শিথিলযোগ্য থাকবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পুরো শিক্ষা জীবনের যেকোনো স্তরে মাত্র একটি ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে; এর বেশি ৩য় বিভাগ থাকলে আবেদন করা যাবে না।
পদের নাম ও বেতন স্কেল
সহকারী মৌলভি (ক্বারি): সাধারণ ক্ষেত্রে এই পদের জন্য ১১তম গ্রেডে ১২,৫০০-৩০,২৩০ টাকা বেতন স্কেল নির্ধারিত হয়েছে। তবে প্রার্থী যদি আলিম মুজাওয়িদসহ ফাজিল সনদধারী হন, তবে তিনি ১০ম গ্রেডে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতন স্কেল প্রাপ্য হবেন।
ইবতেদায়ি ক্বারি: এই পদের জন্য xviতম গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন সংশোধিত নীতিমালা অবিলম্বে কার্যকর হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে কওমি আলেমদের মূলধারার শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগ আরও প্রশস্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।