দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও হরর-কমেডি ঘরানায় ফিরছেন বলিউড তারকা অক্ষয় কুমার। গত বছর থেকেই আলোচনায় থাকা ছবি ‘ভূত বাংলা’ নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে। শুরুতে ছবিটি চলতি বছর মে মাসে মুক্তির ঘোষণা দেওয়া হলেও শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় পরিবর্তন এনেছেন নির্মাতারা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে জানানো হয়, মে মাসে নয় আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভূত বাংলা’।
মুক্তির নতুন তারিখ জানাতে অক্ষয় কুমার তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেয়ার করেন একটি মজার টিজার ভিডিও। ভিডিওতে দেখা যায়, একটি কালো বিড়াল মে মাসের ক্যালেন্ডারে আঁচড় কেটে তা নষ্ট করে দেয়। এরপর এপ্রিল মাসের একটি পাতা মাটিতে পড়ে যায়, যার ওপর দুধ ঢালা থাকে। বিড়ালটি দুধ চেটে পরিষ্কার করলে স্পষ্ট হয়ে ওঠে ১০ এপ্রিল তারিখটির ইঙ্গিত একেবারেই পরিষ্কার, এই দিনেই মুক্তি পাচ্ছে ছবিটি।
অক্ষয়ের পাশাপাশি ছবির প্রযোজক একতা কাপুরও সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তির দিন ঘোষণা করেন। তিনি লেখেন, “নাগিনের পর এবার ভূত খুব শিগগিরই দরজা খুলতে চলেছে। ১৫ বছরের অপেক্ষার পর আবার এই জুটি।”
মুক্তির তারিখ পরিবর্তনের কারণ জানিয়ে নির্মাতারা এক বিবৃতিতে বলেন, বক্স অফিসে অতিরিক্ত ছবির ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মতে, সঠিক সময়ে মুক্তি পেলে একটি ছবি দর্শকদের কাছে পৌঁছানোর পর্যাপ্ত সুযোগ পায় এবং ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনাও বাড়ে।
বালাজি টেলিফিল্মস লিমিটেডের ব্যানারে বালাজি মোশন পিকচার্স ও কেপ অফ গুড ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ভূত বাংলা’ ছবিটির প্রযোজক অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা কাপুর। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা প্রিয়দর্শন।
ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে আরও অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, জিশু সেনগুপ্ত, আসরানি ও ওয়ামিকা গাব্বি।
হরর ও কমেডির মিশেলে প্রিয়দর্শনের পরিচালনায় অক্ষয় কুমারকে আবার বড় পর্দায় দেখার অপেক্ষায় এখন দর্শকরা।