অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ গত এক বছরে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা বৃদ্ধি পেয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানা গেছে, গত বছরের ৩০ জুন পর্যন্ত তাঁর মোট পরিসম্পদ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকায়, যা তার আগের বছর ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, মূলত সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী ও মেয়াদি আমানত বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারের কারণে তাঁর এই মোট সম্পদ বেড়েছে।
বিবরণী অনুযায়ী, অধ্যাপক ইউনূসের কোনো আর্থিক দায় বা ঋণ না থাকলেও তাঁর স্ত্রী আফরোজী ইউনূসের ১৬ লাখ ৯৬ হাজার টাকার দায় রয়েছে। একই সময়ে প্রধান উপদেষ্টার স্ত্রীর সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা কমে দাঁড়িয়েছে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকায়। এর আগের অর্থবছরে তাঁর মোট সম্পদ ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। এছাড়া দেশের বাইরে অধ্যাপক ইউনূসের ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকার সম্পদ থাকলেও তাঁর স্ত্রীর দেশের বাইরে কোনো সম্পদ নেই।
গত ১ অক্টোবর জারি করা ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ অনুযায়ী এই তথ্য প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুসারে, উপদেষ্টাদের প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের এবং তাঁদের স্বামী বা স্ত্রীর সম্পদের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষে প্রধান উপদেষ্টা এই বিবরণী জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। চব্বিশের গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করা এই অন্তর্বর্তী সরকারের বর্তমান সদস্য সংখ্যা ২১ জন।