বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার অভিনেত্রী ববিতা, সাংবাদিক শফিক রেহমান, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুসহ নয় বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দলকে একুশে পদক দেয়া হবে। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরমধ্যে চলচ্চিত্রে চিত্রনায়িকা ববিতা, সাংবাদিকতায় শফিক রেহমান, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ভাস্কর্যে তেজস হালদার জস, নৃত্যে অর্থী আহমেদ ও ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে একুশে পদকের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘একুশে পদকের সিদ্ধান্ত হয়ে গেছে। এ বছর যারা একুশে পদক পেতে যাচ্ছেন, তাদের নাম আমি ঘোষণা করছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই পদকটা দেন।’
একুশে পদক চূড়ান্ত করার সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, ফওজুল কবির খান ও আসিফ নজরুল, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।