এক সময়ের জনপ্রিয় জুটি শাহরিয়ার নাজিম জয় ও দীপা খন্দকার দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। যুবরাজ খানের পরিচালনায় 'মায়ার বাঁধন' শিরোনামের একটি নাটকে তাদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে।
নাটকটির গল্প মূলত মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন নিয়ে। যেখানে বাবার চাকরি চলে যাওয়ার পর শুরু হয় জীবনযুদ্ধ, কিন্তু সন্তানদের প্রতি মা-বাবার ভালোবাসায় কোনো কমতি থাকে না। বিশেষ করে পরিবারের ছেলে ও মেয়ের প্রতি দৃষ্টিভঙ্গির বৈষম্য এবং মেয়ের নিরলস ত্যাগ এই গল্পের অন্যতম উপজীব্য।
দীর্ঘ বিরতি প্রসঙ্গে জয় মজা করে বলেন, "সর্বশেষ যখন অভিনয় করেছিলাম, তখন আমরা নায়ক-নায়িকা ছিলাম। এখনো নায়ক-নায়িকা, তবে গল্পের প্রয়োজনে চরিত্র দুটি এখন বেশ পরিণত।" অন্যদিকে 'জাতীয় ফুফু' হিসেবে পরিচিতি পাওয়া দীপা খন্দকার জানান, চিত্রনাট্যটি অত্যন্ত চমৎকার ও পারিবারিক আবেগনির্ভর হওয়ায় তিনি এতে অভিনয়ে আগ্রহী হয়েছেন।
জানা গেছে, ১৬ থেকে ১৮ মে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণ করা হবে। এতে জয়-দীপার দুই সন্তানের চরিত্রে অভিনয় করবেন দুই নবাগত অভিনয়শিল্পী। একযুগ পর এই জুটির প্রত্যাবর্তন দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।