পবিত্র উমরাহ পালন শেষে মধ্যপ্রাচ্যের আকাশপথের জটিলতা ও সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আজ সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
জানা গেছে, মুশফিকের পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দেশে ফেরার কথা ছিল। উমরাহ শেষে জেদ্দা থেকে দুবাই হয়ে তার ঢাকায় আসার কথা থাকলেও হঠাৎ আঞ্চলিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দুবাই পৌঁছানোর পর তার ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয় এবং তিনি সেখানে আটকে পড়েন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তার নিরাপত্তা নিয়ে ভক্তদের মাঝে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল।
মুশফিকের আটকে পড়ার বিষয়টি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বিসিবি এবং মুশফিকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। অবশেষে রোববার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মুশফিক জানান যে, তিনি নিরাপদে বিমানে চড়েছেন এবং সবার দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ সকালে বিমানবন্দরে নামার পর মুশফিকুর রহিমকে স্বাগত জানানো হয়। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও তিনি সুস্থ আছেন এবং দ্রুতই ক্রিকেটে ফেরার প্রস্তুতি নেবেন বলে আশা করা হচ্ছে।