আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগাম ট্রেন টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অনলাইনে ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে, কর্মস্থলে ফেরার জন্য ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ১৩ মে পাওয়া যাবে ২৩ মে’র টিকিট। এরপর ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র আগাম টিকিট।
ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন পাওয়া যাবে ৩১ মে’র টিকিট। এছাড়া ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট সংগ্রহ করা যাবে।
নির্দেশনায় জানানো হয়েছে, একজন যাত্রী ঈদযাত্রা ও ফিরতি যাত্রার জন্য এক বার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি করে টিকিট কেনা যাবে। তবে এবারের অগ্রিম ও ফিরতি কোনো টিকিটই ‘ফেরতযোগ্য নয়’ বলে সাফ জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।
অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হলেও যারা টিকিট পাবেন না, তাদের জন্য যাত্রার দিন আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। মোট সাধারণ আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকিট ইস্যু করা হবে।