ইসরাইলের কাছে যুক্তরাষ্ট্রের অব্যাহত অস্ত্র বিক্রি এবং ইরান-লেবানন সীমান্তে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নিউইয়র্ক সিটি।
সোমবার ম্যানহাটনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে প্রখ্যাত হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং ও জনপ্রিয় অভিনেত্রী হারি নেফসহ প্রায় ৯০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিক্ষোভের আয়োজক সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য অ্যালেক্সা আভিলেসও রয়েছেন। মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক তৎপরতায় মার্কিন সহায়তার বিরুদ্ধে জনমত জোরালো করতেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদন অনুযায়ী, কয়েকশ বিক্ষোভকারী প্রথমে সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং সিনেটর কির্স্টেন গিলিব্র্যান্ড-এর ম্যানহাটনের কার্যালয়ে অবস্থান ধর্মঘট (সিট-ইন) করার চেষ্টা করেন। তাদের অভিযোগ, লেবাননে ইসরাইলের হামলা বৃদ্ধি এবং ইরান-ইসরাইল সংঘাত উসকে দিতে এই দুই নেতা পরোক্ষভাবে ভূমিকা রাখছেন।
ভবনের নিরাপত্তাকর্মীরা ভেতরে প্রবেশে বাধা দিলে বিক্ষোভকারীরা পাশের প্রধান সড়ক অবরোধ করে বসে পড়েন। এ সময় তারা ‘মানুষের জন্য অর্থ বরাদ্দ করো, বোমার জন্য নয়’ স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলেন। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয় এবং পুলিশ ৯০ জনকে আটক করে তিনটি বাসে তুলে নিয়ে যায়।
বিক্ষোভকারীদের দাবি, মার্কিন নাগরিকদের করের টাকা দিয়ে মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক যুদ্ধ না চালিয়ে তা জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে। বিশেষ করে ইরানের সঙ্গে সম্ভাব্য পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় সাধারণ মার্কিনিদের মধ্যে উদ্বেগ বাড়ছে, যার প্রতিফলন দেখা গেছে ম্যানহাটনের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা ও বেআইনিভাবে সড়ক অবরোধের দায়ে এসব ব্যক্তিদের আটক করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।