ইরান সবকিছু হারিয়েছে, সেখানে অভিযান চালানো সময়ের অপচয়: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে কোনো ধরনের স্থল অভিযান চালানোকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির পরবর্তী নেতৃত্ব নির্বাচনে যুক্তরাষ্ট্রের একটি বড় ভূমিকা থাকবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে ইরানের আশঙ্কার বিষয়ে ট্রাম্প বলেন, “এটি স্রেফ সময়ের অপচয়। তারা ইতোমধ্যে সব হারিয়েছে। তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে; যা কিছু হারানো সম্ভব, তার সবই তারা হারিয়েছে।” অর্থাৎ, ইরানের সামরিক সক্ষমতা এখন আর বড় কোনো হুমকি নয় বলেই মনে করেন তিনি।
তবে ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের অবস্থান বেশ কঠোর। তিনি জানান, ইরান পুনর্গঠন নয়, বরং আমূল পরিবর্তন চান তারা। ট্রাম্প বলেন, “আমরা সেখানে গিয়ে সবকিছু নির্মূল করে দিতে চাই। আমরা এমন কাউকে চাই না, যে আগামী ১০ বছর ধরে আবার বর্তমান ব্যবস্থার সবকিছু পুনর্গঠন করবে।”
ইরানের পরবর্তী শাসক হিসেবে যুক্তরাষ্ট্রের পছন্দের তালিকায় কারা আছেন, সে বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট কোনো নাম প্রকাশ করেননি। তবে তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে, ওয়াশিংটনের নজরে এমন কিছু ব্যক্তি আছেন যারা এই দায়িত্ব পালনে সক্ষম। ট্রাম্প বলেন, “আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের নজরে এমন কিছু মানুষ আছেন যারা এই কাজটি খুব ভালোভাবে করতে পারবেন বলে আমি মনে করি।”
সাক্ষাৎকারে ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে, ওই পছন্দের ব্যক্তিদের যেন যুদ্ধের ময়দানে প্রাণ হারাতে না হয়, সে বিষয়েও যুক্তরাষ্ট্র সতর্ক দৃষ্টি রাখছে। তিনি সরাসরি বলেন, “হ্যাঁ, আমরা তাদের ওপর নজর রাখছি।” টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে ট্রাম্পের এই মন্তব্যগুলোকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশলের একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।

















