গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি ১১ নভেম্বর পর্যন্ত হতাহতের এই পরিসংখ্যান তুলে ধরেন।
জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার তথ্যের বরাত দিয়ে খালেদ খিয়ারি জানান, চলতি বছরের ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা এবং নিরাপত্তাজনিত ১৩০টিরও বেশি ঘটনা ঘটেছে। এর মধ্যে গত অক্টোবরেই সবচেয়ে বেশি (৩৫টি) হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, চলমান সংঘাতের জেরে ওই জলসীমায় প্রায় ১ হাজার ৬০০টি বাণিজ্যিক জাহাজ ক্ষতির মুখে পড়েছে এবং ২৩ হাজারের বেশি নাবিক সমুদ্রে আটকা পড়েছেন। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্যমতে, যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে খালেদ খিয়ারি বলেন, “এই অস্থিতিশীল পরিস্থিতিকে কোনোভাবেই নতুন স্বাভাবিক বাস্তবতা বা ‘নিউ নরমাল’ হতে দেওয়া যায় না। বেসামরিক ও বাণিজ্যিক জাহাজ কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু হতে পারে না।” অবিলম্বে ওই অঞ্চলে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল পুরোপুরি স্বাভাবিক করার আহ্বান জানান তিনি।
জাতিসংঘ সতর্ক করে আরও জানিয়েছে, বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি ও বাণিজ্যিক রুটে অচলাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি, পণ্য পরিবহন ও জাহাজের বিমা ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। পাশাপাশি সার পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বৈশ্বিক খাদ্য নিরাপত্তাও বড় ধরনের হুমকির মুখে পড়েছে।