‘ইরান ছিল দুর্দিনের বন্ধু’, মোদীকে মনে করিয়ে দিলেন সোনিয়া

ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যাকাণ্ডে নরেন্দ্র মোদী সরকারের নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে জানান, এই মৌনতা আসলে নিরপেক্ষতা নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের দীর্ঘদিনের বিশ্বাসযোগ্য অবস্থান থেকে সরে আসা।
সোনিয়া গান্ধী স্মরণ করিয়ে দেন যে, ১৯৯৪ সালে যখন রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে কাশ্মীর ইস্যুতে ওআইসি (OIC) ভারত-বিরোধী প্রস্তাব এনেছিল, তখন ইরানই ত্রাতা হিসেবে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছিল। সেই কঠিন সময়ে তেহরান ভারতকে সমর্থন না করলে কাশ্মীর সমস্যা আন্তর্জাতিক স্তরে আরও জটিল হতে পারত। বাজপেয়ী আমলের সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বন্ধু দেশের দুর্দিনে ভারতের এই চুপ থাকা অত্যন্ত ‘উদ্বেগজনক ও বিরক্তিকর’।
কংগ্রেস নেত্রীর মতে, খামেনেইকে হত্যার ঘটনা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ফাটল। যেখানে ইরান অতীতে ভারতের কৌশলগত স্বার্থরক্ষা করেছে, সেখানে একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে কোনো শোকবার্তা বা বিবৃতি জারি না করা ভারতের বিদেশ নীতির ভবিষ্যৎ নিয়ে সন্দেহের জন্ম দেয়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মোদী সরকারের এই আচরণ ভারতের দীর্ঘকালীন নিরপেক্ষ ভাবমূর্তিকে নষ্ট করছে।

















