ইরানের জন্য আপত্তি থাকলেও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব শিগগির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পেতে যাচ্ছে। রিয়াদকে এই সক্ষমতা অর্জনে সহায়তা করবে ওয়াশিংটন।
মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দুই সূত্রের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওয়াশিংটন সৌদি আরবে বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করবে। এ বিষয়ে বুধবার একটি ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মাঝেই এই উদ্যোগের খবর এলো। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ কাটাতে প্রায় ৫ মাস ধরে প্রধান মিত্র ইসরায়েলকে নিয়ে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এমনকি ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর আবারও তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি সামনে চলে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প প্রশাসন বুধবার সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরমাণু চুক্তি সই করে তা ঘোষণার পরিকল্পনা করেছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, এই চুক্তির মাধ্যমে মার্কিন পারমাণবিক শিল্পে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের সুযোগ হবে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ৩০ বছর মেয়াদি এই চুক্তিতে এমন একটি ধারা থাকছে, যার আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করতে পারবে।
তবে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের কয়েকজন আইনপ্রণেতা ও ইসরায়েলি কর্মকর্তারা এই বেসামরিক পারমাণবিক প্রকল্পের বিরোধিতা করেছেন। তাদের আশঙ্কা, ভবিষ্যতে এটি পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচিতে রূপ নিতে পারে।
আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হতে পারে। তবে এটি কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে না।
সৌদি আরব দীর্ঘদিন ধরেই বেসামরিক পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার দাবি করে এসেছে। সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিকে তাদের বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করে আসছে।
এর আওতায় সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার শর্ত এবং যুক্তরাষ্ট্র–সৌদি প্রতিরক্ষা চুক্তি সইয়ের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
২০০৯ সালে সৌদি আরবের প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। তবে আমিরাতের এখনো কোনো নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উদ্যোগ নেই। আরব বিশ্বের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নাম বারাকাহ পারমাণবিক কেন্দ্র। গত মে মাসে আরব আমিরাতের এই পারমাণবিক কেন্দ্রের কাছে একটি জেনারেটরে ড্রোন হামলায় এতে আগুন লেগে যায়।