মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা নিরসনে ইরানকে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ১২টি মুসলিম দেশ। গত বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত এক জরুরি বৈঠকের পর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে এই কড়া বার্তা দেন।
বৈঠকে কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।
যৌথ বিবৃতিতে দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আবাসিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর ও কূটনৈতিক মিশনের ওপর এ ধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিশেষ করে আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচলে বিঘ্ন না ঘটাতে ইরানকে সতর্ক করা হয়েছে। বিবৃতিতে স্পষ্ট করা হয় যে, এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।
পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি রাষ্ট্রের আত্মরক্ষার অধিকারের বিষয়টি উল্লেখ করে ইরানকে প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব ও মানবিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
একইসঙ্গে বৈঠকে লেবাননের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে দেশটির নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সামরিক পদক্ষেপের চেয়ে কূটনৈতিক প্রচেষ্টাকেই একমাত্র কার্যকর পথ হিসেবে বিবৃতিতে গুরুত্ব দেওয়া হয়েছে।