ইফতারে গরুর মাংস চায় ঢাবি শিক্ষার্থীরা, মুরগির মাংসে আপত্তি!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বার্ষিক ইফতার ও নৈশভোজের মেন্যু থেকে গরুর মাংস বাদ দিয়ে মুরগির মাংস রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে ‘শিক্ষার্থীদের অধিকারের ওপর হস্তক্ষেপ’ ও ‘তামাশা’ আখ্যা দিয়ে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন হল সংসদ ইফতার বয়কটের ঘোষণা দিয়েছে।
রোববার (১ মার্চ) রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। আগামী ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ইফতার আয়োজনের কথা রয়েছে। প্রতি বছর মেন্যুতে গরুর মাংস থাকলেও এবার ‘বাজেট স্বল্পতা’ ও ‘প্রস্তুতি সম্পন্ন’ হওয়ার অজুহাতে তা বাদ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পক্ষে শহীদ ওসমান হাদি হল সংসদের প্রস্তাবিত জিএস আহমদ আল সাবাহ এবং ফজলুল হক মুসলিম হল সংসদের জিএস মো. ইমামুল হাসান এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, অধিকাংশ প্রভোস্ট গরুর মাংস দেওয়ার পক্ষে থাকলেও কোনো এক ‘অদৃশ্য শক্তির’ প্রভাবে তা কার্যকর হচ্ছে না। অন্যদিকে, ডাকসুর সাবেক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা একে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ এক বিবৃতিতে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে। তারা জানায়, ইফতারে গরুর মাংস শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রত্যাশিত। যারা গরুর মাংস খান না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা যেতে পারে, কিন্তু প্রধান মেন্যু থেকে এটি বাদ দেওয়া কাম্য নয়।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রভোস্টদের দাবি, এরই মধ্যে কেনাকাটা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হওয়ায় মেন্যু পরিবর্তন সম্ভব নয়। এর ক্ষতিপূরণ হিসেবে পহেলা বৈশাখে ‘গরু ভোজের’ আশ্বাস দেওয়া হলেও শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট হননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত বয়কটের সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা দিয়েছে বিভিন্ন হল সংসদ।

















