ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূগর্ভস্থ একটি অবৈধ সোনার খনি পানিতে প্লাবিত হয়ে অন্তত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। খনিটির প্রায় ১০০ মিটার গভীরে এখনো আরও ১৩ জন শ্রমিক আটকা পড়ে আছেন।
বৃহস্পতিবার স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দলের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে হতাহতের খবর জানান।
পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ জানায়, রাজধানী জাকার্তার দক্ষিণে পশ্চিম জাভা প্রদেশের বোগোর জেলার পংকর এলাকায় পাহাড়ি ওই খনিটিতে গত ২৩ নভেম্বর মোট ৩৭ জন শ্রমিক কাজে নেমেছিলেন। ওই দিন রাতে প্রবল বর্ষণের কারণে পাশের সিসিউরিউহ নদীর পানি উপচে খনির ভেতরে ঢুকে যায়। এতেই মারা যান ওই শ্রমিকেরা।
পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রচমাওয়ান জানান, পানি পুরোপুরি ঢুকে পড়ার আগেই ১১ জন শ্রমিক নিরাপদে খনি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে ভেতরে থাকা বাকি ২৬ জন শ্রমিক সুড়ঙ্গের প্রায় ১০০ মিটার গভীরে আটকা পড়েন। পরবর্তীতে উদ্ধারকারীরা ১৩ জনের মরদেহ উদ্ধার করেন, যাদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
খনির কার্যক্রম অবৈধ হওয়ায় দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে, ফলে উদ্ধার অভিযান শুরু করতে কিছুটা বিলম্ব হয়। বর্তমানে তিন শতাধিক উদ্ধারকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবক খনিটির দুটি সুড়ঙ্গে দড়ি ও পানির পাম্প ব্যবহার করে নিখোঁজদের সন্ধানে কাজ করছেন।
উদ্ধারকারী দলের প্রধান দেশিয়ানা বলেন, ‘খনির প্রবেশপথ অত্যন্ত সরু, অন্ধকার এবং পিচ্ছিল হওয়ায় উদ্ধারকর্মীদের ভেতরে প্রবেশ করতে বেশ বেগ পেতে হচ্ছে। এ ছাড়া ভেতরে পানি ও কাদার পাশাপাশি ভূমিধসের ঝুঁকি থাকায় উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
খনিজ সম্পদে সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় অবৈধ ও অনুমোদনহীন খনিতে এমন প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে। এসব খনিতে নিরাপত্তাব্যবস্থা খুবই দুর্বল থাকে এবং ভূমিধস, বন্যা ও সুড়ঙ্গ ধসের ঝুঁকি নিয়েই শ্রমিকেরা কাজ করেন।