ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ২০২৭–২০৩১ মেয়াদের পুনর্নির্বাচনের প্রার্থিতার প্রতি ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন প্রত্যাহার করেছে।
ফুটবল বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের প্রায় ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনার জেরে এই অনাস্থা তৈরি হয়েছে।
ইনফান্তিনো বিশ্বকাপ ও অন্যান্য বড় টুর্নামেন্টের অংশীদারিত্ব বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের উদ্যোগ নেন। এর বিনিময়ে ফিফার ২১১টি সদস্য দেশের প্রত্যেককে ৪ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব করা হয়।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা, কনকাকাফ এবং এএফসি এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে। উয়েফা প্রয়োজনে বিশ্বকাপ বর্জনের হুমকিও দেয়। প্রবল চাপের মুখে ইনফান্তিনো গত শুক্রবার এই বিতর্কিত পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন।
পরিকল্পনা বাতিল হলেও সুশাসন, সঠিক নেতৃত্ব এবং দূরদর্শিতার অভাবের অভিযোগ তুলে কোনো দেশ হিসেবে ওয়েলস ইনফান্তিনোর ওপর থেকে আস্থা হারানোর ঘোষণা দেয়।
২০২৭ সালের মার্চ মাসে মরক্কোয় ফিফার পরবর্তী কংগ্রেস ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ এক দশক ধরে একক আধিপত্য বজায় রাখা ইনফান্তিনোর জন্য এবারের পুনর্নির্বাচনের পথ অত্যন্ত জটিল হয়ে পড়েছে।