আশা করি ইরান ‘ভুল হিসাব’ করবে না: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

সৌদি আরবের বিভিন্ন সামরিক ঘাঁটি ও তেল স্থাপনায় সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। ইরান যেন কোনো ধরনের ‘ভুল হিসাব’ (Miscalculation) না করে, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছে।
শনিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন সেনারা অবস্থান করছেন এমন একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। এছাড়া আমিরাত সীমান্তের নিকটবর্তী শায়বাহ তেল ক্ষেত্র এবং রিয়াদের পূর্ব দিকে চালানো ড্রোন হামলার চেষ্টাও সফলভাবে নসাৎ করেছে সৌদি বাহিনী।
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। রাস তানুবা তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার জন্য ইরানকে দায়ী করছে রিয়াদ। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধানের সাথে বৈঠকের পর প্রিন্স খালিদ জানান, সৌদিতে ইরানি হামলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ইরান বিচক্ষণতার পরিচয় দেবে এবং সংঘাত উসকে দেওয়ার মতো কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটিতে এই ধারাবাহিক হামলার ঘটনায় বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

















