রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয় থেকে পুলিশের উপস্থিতিতে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় মহানগর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে মহানগর যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— রাজশাহী মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।
মহানগর যুবদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় পরিচয়ে পেশিশক্তি প্রদর্শন করে আরডিএ কার্যালয়ে টেন্ডারে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এই আদেশ কার্যকর করেছেন।
শরিফুল ইসলাম জনি জানান, সিসিটিভি ফুটেজে অপরাধের প্রমাণ পাওয়ার পরই এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না এবং তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে আরডিএ ভবনে টেন্ডার চলাকালে পুলিশের উপস্থিতিতেই মো. ধলু টেন্ডার বাক্সটি ছিনিয়ে নেন। অভিযোগ উঠেছে, দরপত্র টেম্পারিং করার জন্য প্রায় আধা ঘণ্টা পর বাক্সটি ফেরত দেওয়া হয়। শাহমখদুম থানার ওসি কবির হোসেন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।