‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে আত্মপ্রকাশ করল হুমায়ুন কবীরের নতুন দল

ভারতে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক দল অবশেষে নির্বাচন কমিশনের ছাড়পত্র পেল। তবে পূর্বঘোষিত নাম নয়, বরং সামান্য পরিবর্তন করে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (AGUP) নামে নিবন্ধিত হলো এই নতুন দল। বুধবার নির্বাচন কমিশন এই নতুন নামে সবুজ সংকেত দিয়েছে বলে জানা গেছে।
গত বছর ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় এক জনসভা থেকে হুমায়ুন কবীর তাঁর দলের নাম ঘোষণা করেছিলেন ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP)। রাজ্য নির্বাচন কমিশনের দফতর থেকে এই নামটির সুপারিশ করা হলেও পরবর্তীকালে জানা যায় যে, ওই একই নামে রুহুল আমিন নামের এক ব্যক্তি আগেই একটি দল নথিবদ্ধ করে রেখেছেন। ফলে আইনি জটিলতা এড়াতে কমিশনের নির্দেশ মেনে নামের আগে ‘আম’ শব্দটি যোগ করেন হুমায়ুন। এর ফলে দলের সংক্ষিপ্ত নাম বদলে দাঁড়িয়েছে ‘এজিইউপি’ (AGUP)।
রেজিস্ট্রেশন মঞ্জুর হলেও এখনই কাজ শেষ হচ্ছে না। নিয়ম অনুযায়ী নতুন রাজনৈতিক দল হিসেবে এবার সংবাদপত্রে আনুষ্ঠানিক বিজ্ঞাপন দিতে হবে হুমায়ুনকে।বিজ্ঞাপনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কমিশন দলটিকে পূর্ণাঙ্গ রাজনৈতিক স্বীকৃতি প্রদান করবে। চূড়ান্ত স্বীকৃতির পরেই দলীয় প্রতীকের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে পারবেন ভরতপুরের এই বিধায়ক।
তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই নিজের পৃথক রাজনৈতিক অস্তিত্ব প্রমাণের লড়াই শুরু করেছিলেন হুমায়ুন কবীর। দলের নাম চূড়ান্ত হওয়ার মাধ্যমে সেই লড়াই এখন এক নতুন ধাপে পৌঁছাল।
















