ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁকে প্ররোচিত করেছিলেন—এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো নিজের ভূমিকার কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেছেন, ‘আমি না থাকলে আজ হয়তো ইসরাইলের কোনো অস্তিত্বই থাকত না।’
বুধবার (৩ জুন) প্রকাশিত ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে সাংবাদিক মিরান্ডা ডিভাইনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সূত্র হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও দ্য জেরুজালেম পোস্ট এই খবর নিশ্চিত করেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না, কারণ তেমনটি হলে ইসরাইলই প্রথম আঘাতের শিকার হতে পারত। এই হুমকি মোকাবিলা করতেই তিনি প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ওবামা আমলের ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন এবং এবারও কঠোর অবস্থান বজায় রেখেছেন।
নেতানিয়াহুর প্ররোচণায় যুদ্ধ শুরুর অভিযোগ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এ ধরনের বক্তব্য মূলত তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের পক্ষ থেকে আসছে, যারা বাস্তব পরিস্থিতি সম্পর্কে মোটেও ধারণা রাখে না। ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজের অবদান তুলে ধরে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের প্রকাশ্য হুমকির মুখে ইসরাইল সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিল, কিন্তু তাঁর নেওয়া দৃঢ় পদক্ষেপের কারণেই দেশটি সুরক্ষিত রয়েছে।