আমি আর মাদক খাব না, কাউকে খেতেও দেব না: ঈশ্বরদীতে যুবকের মাইকিং

পাবনার ঈশ্বরদীতে এক মাদকসেবী যুবক নিজে মাদক ছাড়ার ঘোষণা দিয়ে এবং এলাকায় মাদক সেবন নিষিদ্ধ করতে মাইকিং করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় এই ব্যতিক্রমী মাইকিংয়ের ঘটনা ঘটে। যা শুনে এলাকার সাধারণ মানুষ যেমন বিস্মিত হয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি বেশ সাড়া ফেলেছে।
জানা গেছে, ওই যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় এলাকার বাসিন্দা। মঙ্গলবার তিনি নিজেই ৩৫০ টাকা খরচ করে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারটি গ্রামে মাইকিং করেন।
মাইকিংয়ে ফাইম বলেন, “এই এলাকার সকল মাদকসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের পর থেকে কেউ এলাকায় মাদক সেবন করতে আসবেন না। আমি নিজেও মাদক সেবন করি, আজকের পর থেকে আর করব না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন, তবে পুলিশে ধরিয়ে দেবেন।”
এই সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছে একটি তিক্ত অভিজ্ঞতা। ফাইম হোসেন জানান, সোমবার রাতে মাদক সেবনের সময় কয়েকজন মাদকসেবনকারী তাঁকে মারাত্মকভাবে অপমান করে। সেই ক্ষোভ এবং নিজের উপলব্ধি থেকেই তিনি এই পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, “আমি আর নিজে মাদক সেবন করব না এবং এলাকায় কেউ যেন মাদক সেবন করতে না পারে, তার জন্য যা করার করব। কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, ফাইমের এমন ঘোষণা শুনে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাঁর এই পরিবর্তনকে সাধুবাদ জানাচ্ছেন এবং মনে করছেন এতে করে অন্য মাদকাসক্ত যুবকরাও অনুপ্রাণিত হতে পারে। আবার অনেকেই বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করছেন। ইতিমধ্যে মাইকিংয়ের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের প্রশংসায় ভাসছে।

















