সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনার পর শনিবার (২ মে) দুপুরে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, শনিবার বেলা ১১টার দিকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় তাঁর মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। আগামীকাল (রবিবার) তাঁর মনোনয়নপত্রটি নির্বাচন কমিশনে তোলা হবে। এরপর কমিশন আইনগত দিকগুলো পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
গত ২১ এপ্রিল ছিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিতে এলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণে অস্বীকৃতি জানান। এই সিদ্ধান্তের প্রতিবাদে নুসরাত উচ্চ আদালতের দ্বারস্থ হন।
গত ২৭ এপ্রিল আদালত নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের সেই আদেশের প্রেক্ষিতেই আজ তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হলো।
এর আগে গত বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যের নাম ও ঠিকানা উল্লেখ করে গেজেট প্রকাশ করেছিল ইসি। নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হওয়ায় এই নির্বাচনে নতুন মাত্রা যোগ হলো। উল্লেখ্য, নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি ‘জাতীয় নারীশক্তি’র মুখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন।