ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ (গরমের ছুটি) উপলক্ষে দীর্ঘ ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষের পর থেকেই আনুষ্ঠানিকভাবে এই ছুটি শুরু হচ্ছে। এবারের ছুটিতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় মোট ২৩ দিন শিক্ষাকার্যক্রম বন্ধ থাকবে।
বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে মূল ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ শুরুর কথা ছিল। তবে তার আগে ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ ২১ মে-ই চলতি সপ্তাহের শেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাপঞ্জি অনুসারে, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কলেজসমূহে ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি শেষে আগামী ৭ জুন রোববার থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হবে। ফলে সাপ্তাহিক ছুটিসহ সর্বমোট ১৬ দিনের টানা ছুটি পাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
অন্যদিকে, মাদ্রাসার শিক্ষার্থীরা এবার আরও দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন। দেশের ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোয় ২২ মে ছুটি শুরু হয়ে তা চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি কাটিয়ে আগামী ১৪ জুন রোববার থেকে মাদ্রাসার ক্লাস শুরু হবে। এর ফলে মাদ্রাসাগুলোতে মোট ২৩ দিনের ছুটি কার্যকর হচ্ছে।
এদিকে, জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর আগামী জুলাই ও আগস্ট মাসেও বেশ কিছু সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার শোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরবর্তী মাস সেপ্টেম্বরেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে নির্ধারিত ছুটি রয়েছে।