বাংলাদেশের আকাশে সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং আগামী ২৮ মে (১০ জিলহজ) বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।"
সভায় ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই ঘোষণা দেন।