
রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে আদালতের এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ দেশটির সামরিক সরকার। রায়কে অন্যায্য দাবি করে মিয়ানমার বলেছে, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে এবং বিচারকদের সিদ্ধান্তও সর্বসম্মত ছিল না।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিদোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এ অবস্থান তুলে ধরেন মুখপাত্র খাইং খাইং সোয়ে।
আদালতের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং এটি ন্যায়সংগতও নয়।’
গাম্বিয়ার করা মামলার প্রায় সাত বছর পর বৃহস্পতিবার মিয়ানমারের বিরুদ্ধে রায় ঘোষণা করে আইসিজে। এর মাধ্যমে রাষ্ট্র হিসেবে গণহত্যার দায়ে কোনো দেশকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে আদালতের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হয়েছে। নাৎসি হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড পূরণের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এটি চতুর্থ ঘটনা।
রায়ে মিয়ানমারের সামরিক বাহিনীর ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ওই অভিযানে রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের ব্যাপকভাবে হত্যা করা হয়। পাশাপাশি নারীদের ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হতে হয়। পুড়িয়ে দেওয়া হয় শত শত গ্রাম।
দীর্ঘদিন ধরেই মিয়ানমারের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ সমাজে রোহিঙ্গা মুসলিমরা বৈষম্য ও নিপীড়নের মুখে রয়েছে। দেশটিতে চলমান সংঘাতের কারণে তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। অন্যদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবিরে কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে।
আইসিজের রায়ে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মিয়ানমারকে। তবে কী পরিমাণ অর্থ দিতে হবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। এ ছাড়া সহিংসতার কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করার বিষয়েও নির্দেশনা রয়েছে।
বাংলাদেশের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাসরত রোহিঙ্গারা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দীর্ঘদিনের বিচারপ্রত্যাশার পর এ রায় এলেও নিজ দেশে ফেরার সুযোগ কবে তৈরি হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো আশ্বাস নেই।
আন্তর্জাতিক বিচার আদালত মূলত রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের নিষ্পত্তি করে। আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নের জন্য নিজস্ব প্রয়োগকারী বাহিনী নেই।
আদালতের ১৯১ পৃষ্ঠার রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর মিয়ানমারের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনাও গুরুত্ব পেয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে রয়টার্সের দুই সাংবাদিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন। প্রতিবেদন প্রকাশের পর তাদের গ্রেপ্তার করা হয় এবং ৫০০ দিনেরও বেশি সময় কারাগারে থাকতে হয়েছিল।
এদিকে আইসিজের রায় নিয়ে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে আরও বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা আগেও বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের মতো ‘রাজনৈতিক সংস্থাগুলোর’ বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়।
আদালতের রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে আন্তর্জাতিক বিচারব্যবস্থার সঙ্গে মিয়ানমারের বিরোধ নতুন করে সামনে এসেছে। তবে ক্ষতিপূরণ ও প্রত্যাবাসনসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে দেশটি কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের।