সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে এবং কর্মঘণ্টার যথাযথ ব্যবহার বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
আদেশে স্পষ্ট করা হয়েছে যে, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, অফিস ত্যাগ এবং বিলম্বে উপস্থিত হওয়া সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস চলাকালীন জরুরি প্রয়োজনে বের হতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের অনুমতি নিয়ে ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া নির্ধারিত সময়ের আগে (রমজানে বিকেল ৩:৩০ এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫:০০) দপ্তর ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী কঠোর বিভাগীয় ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।