গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অনলাইন জুয়ার নেশা থেকে মুক্তি পেতে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে প্রায়শ্চিত্ত করেছেন রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক। গত শুক্রবার জুমার নামাজের আগে পৌরসভার ঘাঘর কান্দা গ্রামে নিজ বাড়িতে তিনি এই কাণ্ড ঘটান। পরে সেই গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, একটি বড় পাত্রে রাশেদ বসে আছেন এবং তার মা মগ দিয়ে তার মাথায় দুধ ঢালছেন।
রাশেদ জানান, গত দুই বছর ধরে তিনি নিয়মিত অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এই সর্বনাশা নেশার কারণে তিনি প্রায় ১০ লাখ টাকা দেনা হয়ে পড়েন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। দেনার দায়ে দিশেহারা হয়ে অবশেষে পরিবারের পরামর্শে তিনি জুয়া ছেড়ে বিদেশের পথে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই কাজের উদ্দেশ্যে তার সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। বিদেশে যাওয়ার আগেই নিজেকে ‘পবিত্র’ করতে এবং জুয়াকে বিদায় জানাতেই এই অভিনব আয়োজন করেন তিনি।
এই ঘটনার মাধ্যমে রাশেদ অন্য যুবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জুয়া খেলে কেউ কখনো লাভবান হতে পারে না, বরং এটি মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই যারা এখনো এই পথে আছেন, তাদের দ্রুত ফিরে আসার অনুরোধ জানান তিনি। রাশেদের এই ইতিবাচক পরিবর্তনে প্রতিবেশী ও এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, জুয়া ছেড়ে বিদেশ গিয়ে রাশেদ আবারও স্বচ্ছল জীবনে ফিরতে পারবেন।