শোবিজ অঙ্গনে চলছে একের পর এক গুঞ্জন। এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করলেন অভিনেত্রী সামিয়া অথৈ। সেই সঙ্গে শুটিং চলাকালে সবার সামনে তাকে মারধর ও অপদস্থ করার মতো গুরুতর অভিযোগও তুলেছেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে অথৈ তার সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, মানিকগঞ্জে একটি নতুন সিনেমার শুটিং চলাকালে এই ঘটনা ঘটে।
লাইভে অথৈ বলেন, "গত ২ মার্চ শুটিংয়ের প্রথম দিন তিশা আপুর জন্য আমি ঢাকা থেকে কেক নিয়ে যাই। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এরপর প্রথম শটেই তিনি আমাকে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন।" বিষয়টি স্বাভাবিকভাবে নিয়ে অথৈ যখন মনিটরে শটটি দেখতে যান, তখন সেখানে উপস্থিত বর্ষীয়ান অভিনেতা শহিদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু অবাক হয়ে তিশার এমন আচরণের কারণ জানতে চান।
অথৈ আরও জানান, "সিনেমায় আমার শেষ শটে আজ (৩ মার্চ) তিনি আমাকে সবার সামনে এলোপাথাড়ি চড় মেরে চোখ ফুলিয়ে ফেলেছেন।"
মারধরের ঘটনার নেপথ্যে ব্যক্তিগত রেষারেষির ইঙ্গিত দিয়ে অথৈ জানান, দুই বছর আগে তিশা তাকে ফোন করে মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করেছিলেন। অথৈয়ের দাবি, সে সময় তিশা তাকে বলেছিলেন— "ফারহান তার জামাই।" শুধু অথৈকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই তিশা ফোন করে ফারহানের সঙ্গে কাজ না করার জন্য হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এই ঘটনার পর বিষয়টি ফারহানকে জানালে তিনি কোনো সদুত্তর দেননি, বরং পরবর্তীতে ফারহানের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন অথৈ।
একজন সহকর্মীর প্রতি এমন আক্রমণাত্মক এবং অপেশাদার আচরণে হতবাক নেটিজেনরা। শুটিং সেটে উপস্থিত অন্যান্য কলাকুশলীরা বিষয়টি নিয়ে সরাসরি মুখ না খুললেও, সামাজিক যোগাযোগমাধ্যমে অথৈয়ের এই লাইভ ভিডিওটি এখন টক অফ দ্য টাউন। তবে এই অভিযোগের বিষয়ে এখনো তানজিন তিশা বা মুশফিক আর ফারহানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।